রিয়ালে অভিষেকেই ট্রফি জেতার সুযোগ এমবাপ্পের

রিয়াল মাদ্রিদে যোগ দিলেও প্রাক মৌসুম প্রস্তুতিতে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কিন্তু আজ রিয়ালের জার্সিতে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচেই শিরোপা জেতার সুযোগ এমবাপ্পের সামনে। উয়েফা সুপার কাপে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতালান্তা। সবকিছু ঠিক থাকলে এমবাপ্পে খেলবেন সুপার কাপে, সঙ্গে অভিষেক হতে পারে এনদ্রিকেরও। তারা দুজনই আছেন রিয়ালের স্কোয়াডে।

ক্লাব বা দেশের হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে দারুণ রেকর্ড আছে এমবাপ্পের। শেষ ১১ ফাইনাল ম্যাচে এমবাপ্পে করেছেন ৮ গোল। শেষ ৫ ফাইনালেই করেছেন ৬টি : ২০২১ ফ্রেঞ্চ কাপে একটি, ২০২১ উয়েফা নেশন্স লিগে একটি, ২০২১ ট্রফি দেস চ্যাম্পিয়নস একটি এবং ২০২২ বিশ্বকাপে ৩টি। উয়েফা সুপার কাপ এক ম্যাচের, যে জিতবে সেই চ্যাম্পিয়ন তাই এটিও ফাইনাল। বলার অপেক্ষা রাখে না এমবাপ্পের দিকে বাড়তি নজর থাকবে ফুটবল প্রেমীদের। তিনি রিয়ালের জার্সিতে অভিষেক ম্যাচে গোল করতে পারেন কিনা সেটি দেখার। রিয়ালের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে গোল করা সবশেষ খেলোয়াড় হলে জুড বেলিংহ্যাম। এ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতে পারেন এমবাপ্পে। এনদ্রিকও শুরুর একাদশে নাও থাকতে পারেন।

গেল মৌসুমে ১৫তম বারের তো চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। আর আতালান্তা লেভারকুসেনের অপরাজিত যাত্রা থামিয়ে জিতেছিল ইউরোপা লিগ। নিজেদের ১১৬ বছরের ইতিহাসে সেটিই ছিল ইতালিয়ান ক্লাবটির কোনো ইউরোপিয়ান শিরোপা। আতালান্তার সামনে আজ দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি জয়ের সুযোগ। আর রিয়ালের সামনে সুযোগ প্রথম দল হিসেবে ছয়টি উয়েফা সুপার কাপ জেতার। পাঁচটি করে সুপার কাপ রিয়াল ছাড়াও আছে বার্সেলোনা ও এসি মিলানের।

রিয়ালের জন্য বড় ম্যাচের খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড রিয়ালের শেষ ১০ ফাইনালে ১০ গোলে অবদান রেখেছেন (৭ গোল, ৩ অ্যাসিস্ট)। ২০২৪ স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক এবং গেল চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও গোল করেন। 

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২৬ ম্যাচে অপরাজিত রিয়াল। জিতেছে ১৭টি, ড্র ৯টি। সবশেষ রিয়াল হেরেছিল গেল জানুয়ারি মাসে কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। তবে প্রাক মৌসুম প্রস্তুতিতে তিন ম্যাচ খেলে একটি (বার্সেলোনার বিপক্ষে) হেরেছে রিয়াল।

আতালান্তা প্রাক মৌসুম প্রস্তুতিতে দুটি ম্যাচ খেলে দুটিই হেরেছে। এবার মৌসুম শুরুর আগে ফরোয়ার্ডের পেছনে বড় অর্থ খরচ করেছে আতালান্তা। মিলান থেকে চার্লস ডে কেটেলায়েরেকে পাকাপাকিভাবে দলে ভিড়িয়েছে আতালান্তা। গেল মৌসুমে ধারে আতালান্তায় খেলে তিনি করেছিলেন ১৪ গোল। এছাড়া জেনোয়া থেকে মাতেও রেতেগুইকে দলে ভিড়িয়েছে আতালন্তা। দুই জনকে দলে টানতে ক্লাবটির খরচ হয়েছে ৫৬ মিলিয়ন ইউরো।

এছাড়া আগে থেকেই আছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকমান। ইউরোপা লিগের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন লুকমান। আজ রিয়াল ডিফেন্ডারদের লুকমানকে ঠেকাতে হবে। তবে ফর্ম ও সাফল্য বিবেচনায় এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এর আগে ইউরোপা লিগ ফাইনালে আতালান্তার বিপক্ষে ফেভারিট হিসেবেই নেমেছিল জার্মানির দল লেভারকুসেন। কিন্তু ম্যাচটি একপেশে বানিয়ে জিতে নিয়েছিল আতালান্তা।

রিয়াল মাদ্রিদ ও আতালান্তা তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে ২০২০-২১ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দুই দেখাতেই জিতেছিল রিয়াল। ২০১০ সালের পর এই প্রথম সুপার কাপে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইতালির ক্লাব।