টাকার জন্য নয়, লাল বলে আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটাররা: রাসেল

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম

বিশ্বজুড়েই এখন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা চলছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বেশিরভাগই লাল বলে খেলতে ইচ্ছুক নন। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোতেও একই অবস্থা। বিশ্লেষকেরা মনে করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টাকার লোভেই ক্রিকেটাররা টেস্ট খেলতে চান না। এই বক্তব্যের সঙ্গে অবশ্য একমত নন আন্দ্রে রাসেল।

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অল-রাউন্ডার টেস্ট ক্রিকেট বিমুখতা নিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় না এটা (টেস্ট না খেলা) টাকার কারণে। অর্থ কোনো ইস্যু বলে আমি মনে করি না। বিশ্বজুড়ে যে পরিমাণ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, তার ওপর ভিত্তি করে অনেক খেলোয়াড়েরা টেস্ট খেলতে আগ্রহী হয় না।’

ক্যারিয়ারে এখন পর্যন্ত একটিমাত্র টেস্ট খেলা রাসেল আরও বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনি দেশের কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকেও ভালো করবেন, ততক্ষণ আপনি (ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার) সুযোগটা লুফে নেবেন। তারপরও সবাই বড় মঞ্চে খেলতে চায়। সেই বড় মঞ্চ যদি টেস্ট ক্রিকেট হয়, আমি জানি তরুণেরা খুশি হয়ে খেলবে। আমি শুধু এটা টাকার ব্যাপার বলে মনে করি না।’

টেস্ট ক্রিকেটে কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকাটা ক্যারিবিয়ানদের জন্য যেন স্বাভাবিক ব্যাপার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে জন্য। গত ডিসেম্বরে পুরান, কাইল মায়ার্স, জেসন হোল্ডার বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত