শেখ হাসিনা দেশ ছেড়ে ভয়ে পালিয়ে গেলেও চুপ করে বসে নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন। উনি খুব বড় গলায় বলতেন, আমি পালাব না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাব না। কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন।
আজ বুধবার (১৪ আগস্ট) বিকেলে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী সরকার হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশদের বিচার করতে হবে। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। ধর্মের কল বাতাসে নড়ে।
তিনি বলেন, হাসিনা শত শত মানুষকে হত্যা ও গুম করেছেন। দেশের অর্থনীতিসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশে একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। হাসিনার বিচার দাবিতে সব রাজনৈতিক দল সমাবেশ করছে।
আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যে ইতিহাস হচ্ছে, তরুণদের আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী, খুনি সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমরা সম্প্রীতির সমাবেশ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংহত করতে সম্প্রীতির সমাবেশ করছি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।