এসইসির রিয়াজের নিয়োগ বিজ্ঞপ্তি উধাও

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠায় এসইসির চেয়ারম্যান হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত ড. এম মাসরুর রিয়াজের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান।

এদিন সকালে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মাসরুর রিয়াজকে এসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনও সরিয়ে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘তার (মাসরুর রিয়াজ) বিষয়ে কিছু প্রশ্ন আছে। সে বিষয়টি আমি দেখব। দেখে দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব।’

গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা বলেন, মাসরুর রিয়াজকে গতকাল (মঙ্গলবার) এসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আজ (বুধবার) সচিবের দপ্তরের নির্দেশে ওয়েবসাইট থেকে সেই প্রজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে এসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও মাসরুর রিয়াজের নিয়োগের আপত্তি জানায়। সংগঠনটি তাকে কমিশনে স্বাগত না জানানোরও সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সাবেক সরকারের ঘনিষ্ঠ মাসরুর রিয়াজের মতো বিতর্কিত ব্যক্তিকে এসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলেরও দাবি জানায়।