আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। দেশের বিভিন্ন স্থানে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
খুলনা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পলিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। অবস্থান কর্মসূচিতে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা, ইলিয়াস আলীসহ কয়েকশ মানুষকে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানানো হয়।
রংপুর : গতকাল দুপুরে সিটি বাজারের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর য্বুদল। এর আগে রংপুর নগরীর গ্রান্ড হোটেলের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি বাজারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।
নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে গতকাল বিকেল ৪টায় নারায়ণগঞ্জে কে এম মাজহারুল ইসলাম যোসেফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের মেট্রো সিনেমা হলের সামনে থেকে বের হয়ে শহীদ মিনার হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, কাজী সোহাগ, আখতারুজ্জামান মৃধা, কারণ আহমেদ রুবেল, দুলাল প্রমুখ।
ফরিদপুর : ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল দুপুরে শহরের কাঠপট্টির বিএনপি কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুবদলের সভাপতি রাজিব হোসেন, ছাত্রদলের সভাপতি আদনান হোসেন প্রমুখ।
গোপালগঞ্জ : সকালে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামের নিচে অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান প্রমুখ।
বান্দরবান : সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বান্দরবান বাজার সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
ফেনী : গতকাল বেলা ১১টা থেকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলালের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, মানিকগঞ্জের দৌলতপুর, চট্টগ্রামের আনোয়ারা, পটুয়াখালীর বাউফল, দিনাজপুরের হাকিমপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁসহ বিভিন্ন স্থানে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।