কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে রাজধানীর নিউমার্কেট এলাকায় এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় দুজনকে ঢাকার সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই দুই ব্যক্তিকে হাজিরের আগে আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পুলিশের হেলমেট ও নিরাপত্তা জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়।
এদিকে দুজনকে আদালতে আনার খবরে বিকেল থেকেই শত শত মানুষ আদালত অঙ্গনে ভিড় জমাতে শুরু করে। সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবীরা তাদের বিচার চেয়ে মিছিল করেন। উৎসুক জনতা ঝাড়ু-জুতা হাতে আনিসুল হক ও সালমান এফ রহমানসহ আওয়ামী লীগ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সাড়ে ৬টার দিকে দুজনকে বহনকারী প্রিজনভ্যান সিএমএম আদালতে পৌঁছার সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা আনিসুল হক ও সালমান এফ রহমানের শাস্তির দাবিতে স্লোগান দেন। কেউ কেউ প্রিজনভ্যানে ডিম, পানির বোতল ও ইটের টুকরো ছুড়ে মারেন। একপর্যায়ে দুজনকে নেওয়া হয় সিএমএম আদালতের হাজতখানায়। কিছুক্ষণ সেখানে রাখার পর তাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের এজলাসে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানা গেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এরই মধ্যে হত্যাকান্ডের ঘটনায় শেখ হাসিনা, তার সরকারের সময়ের মন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা। এর মধ্যে গত মঙ্গলবার আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।
শাহজাহান হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং মো. শাহজাহান (২৬) নিহত জন। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী আনিসুল হক। ২০১৪ সালের নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।