আমিরাতে ৫৭ বাংলাদেশির মুক্তিতে পদক্ষেপের আহ্বান আইএইচআরসির

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

আজ বৃহস্পতিবার আইএইচআরসির এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন আইএইচআরসির বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসাডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু।

বিবৃতিতে বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা ও দমনের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে সে দেশের আইন অনুযায়ী ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এতে বলা হয়, আমরা বিশ্বাস করি প্রবাসে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হলে বা আইনগত জটিলতায় পড়লে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার তাদের রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ সরকার ও দূতাবাসের দায়িত্ব হচ্ছে নিজ দেশের নাগরিকদের সহায়তা করা। তাদের আইনগত সহায়তা দেওয়া এবং কুটনৈতিক আলাপ আলোচনা শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।