'পেইন' কাটিয়ে পেইন এখন কোচ 

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

বল ট্যাম্পারিং কান্ডে স্টিভ স্মিথ দায়িত্ব ছাড়ার পর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হয়েছিলেন টিম পেইন। সেই তিনি ২০২১ সালে দায়িত্ব ছাড়েন এক নারী সহকর্মীকে মোবাইলে সেক্সটিং মেসেজ পাঠানোর বিতর্কিত ঘটনার জেরে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায় তার। ক্রিকেট থেকে বিরতিও নেন তিনি। পরে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন। শেষ পর্যন্ত অবসরে যান গত বছরের মার্চে। এর পরপরই তিনি কোচিংয়ে নাম লেখান। সেই পথ ধরে এবার বড় এক দায়িত্ব পেলেন তিনি। বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের প্রধান কোচ হয়েছেন টিম পেইন।

গত মৌসুমে প্রধান কোচ জেসন গিলেস্পির সহকারী ছিলেন পেইন। গিলেস্পি এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেট ছেড়ে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের টেস্ট দলের। তার জায়গায় দায়িত্বে আনা হলো পেইনকে।

গত বছর অস্ট্রেলিয়া ‘এ’ দলে অ্যাডাম ভোজেসের সহকারী হিসেবে কাজ করেন টিম পেইন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ও নারী দলকেও কোচিং করিয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান। এখন তিনি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দান টেরিটোরি স্ট্রাইকসের কোচের দায়িত্ব পালন করছেন।

আশা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ৩৯ বছর বয়সী পেইন, '“এরকম প্রতিষ্ঠিত ও দারুণ সমর্থন পাওয়া একটি দলের কোচ হতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। ডিসেম্বরে বিগ ব্যাশ শুরু হওয়ার জন্য তর সইছে না আমার।”

কোচ হিসেবে পেইনের প্রথম দায়িত্ব হবে আগামী ১ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটার বাছাই করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত