সিরাজগঞ্জে লুট হওয়া অস্ত্র জমা দিলেন শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের হাটিকুরুল থানার লুট হওয়া অস্ত্র জমা দিয়েছেন এক ইউপি সদস্য ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) বিকালে হাটিকুমরুল হাইওয়ে থানায় অস্ত্রগুলো জমা দেওয়া হয়েছে। সলঙ্গা থানার ওসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র গুলি লুট হয়। লুট হওয়া অস্ত্রের মধ্যে ছিল, একটি টিয়ারগ্যাস গান, একটি চায়না রাইফেল, একটি সিগন্যাল লাইট ও একটি সোল্ডার সিগন্যাল লাইট।

এ বিষয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, ছাত্র আন্দোলনের সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় আন্দোলনকারীরা আক্রমণ করে। ওই সময় কয়েকটি অস্ত্র লুটের ঘটনা ঘটে। অস্ত্রগুলোর মধ্যে দুইটি রাস্তায় ভেঙে ফেলেন তারা। সেগুলো কুড়িয়ে নিয়ে কয়েকজন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকার ইউপি সদস্য শাহ আলীর কাছে জমা দেন। অস্ত্রগুলো ইউপি সদস্য, আন্দোলনে জড়িত কামরুল হাসান ও নাজমুল হাসানসহ কয়েকজন ছাত্র সলঙ্গা থানায় জমা দিয়ে যান।

হাটিকুমরুল ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ অন্যত্র চলে যায়। এ কারণে সেগুলো থানায় জমা দেওয়া সম্ভব হয়নি। সেই অস্ত্রগুলো তিনি বাড়িতে রেখে দিয়েছিলেন। পরে পুলিশ থানায় যোগ দিলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অস্ত্রগুলো হাটিকুমরুল থানায় জমা দেওয়া হয়েছে।