বগুড়া জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক মাস পর থানায় মামলা করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক রহিমা খাতুন মেরী বাদী হয়ে এ মামলা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাত ৮টায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে হামলা চালান। তারা অফিসের আসবাব ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এতদিন পুলিশ আমাদের মামলা নেয়নি। শেখ হাসিনার পতনের পর আমরা মামলা করেছি বলে জানান তিনি।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, এ মামলায় বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।