আধুনিক অলিম্পিকের জনক

১৮৯৬ সালের ৬ থেকে ১৫ এপ্রিল গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি চার বছর অন্তর বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের জন্য ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। এই আধুনিক অলিম্পিকের জনক পিয়ের দ্য কুবারতিন।

পিয়ের দ্য কুবারতিনের জন্ম ১৮৬৩ সালের ১ জানুয়ারি। কুবারতিনের আদি বাসস্থান ছিল ইতালি। কিন্তু তার পূর্বপুরুষরা পঞ্চদশ শতাব্দীতে ফ্রান্সে এসে বসবাস শুরু করেন। কুবারতিন পড়াশোনা করেছেন প্যারিসে। স্নাতক ডিগ্রি নেন রাষ্ট্রবিজ্ঞানে। শৈশব থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চাকে গুরুত্ব দিয়েছেন। ক্রীড়াকে ধর্মের মতো পবিত্র মনে করতেন।

১৮৯৬ থেকে ১৯২৫ সাল পর্যন্ত কুবারতিন দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে। তিনি ছিলেন আইওসির অন্যতম চালিকাশক্তি। এ সময়ের মধ্যে তিনি অলিম্পিক দর্শনকে এমন একটা অবস্থানে পৌঁছে দিয়েছিলেন যার ফলে তার অনুপস্থিতিতে কখনো রথের গতি থমকে পড়েনি। বিশ্ব রাজনীতিতে সুইজারল্যান্ডের নিরপেক্ষ ভূমিকার জন্য ১৯১৫ সালে আইওসির সদর দপ্তর এবং আর্কাইভ ফ্রান্স থেকে স্থান পরিবর্তন করে সুইজারল্যান্ডের লুসানিতে নিয়ে আসেন কুবারতিন।

১৯৩৭ সালের ২ সেপ্টেম্বর প্রায় ৭৫ বছর এই আলোছায়ার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মানবদরদি পিয়ের দ্য কুবারতিন। মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করে গেছেন তার মৃত্যুর পর যেন তাকে সুইজারল্যান্ডে সমাহিত করা হয়। তার ইচ্ছা পূরণ করা হয়েছে।