গোলে শুরু রোনালদোর

 

 

আল নাসরের হয়ে গত মৌসুমে ৪৪ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে জুনে ইউরোতে পর্তুগালের হয়ে ব্যর্থ ছিলেন তিনি, ৫ ম্যাচে কোনো গোল করতে পারেননি। নতুন সৌদি মৌসুমের শুরুতে ঠিকই নিজেকে ফিরে পেয়েছেন। প্রথমে গোল বানিয়েছেন, এরপর নিজে গোল করেছেন। তার নৈপুণ্যেই বুধবার রাতে আল তাউনকে ২-০ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর।

আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে কাল দ্বিতীয় সেমিফাইনালের ৮ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদোর পাস থেকে গোল করেন আয়মান ইয়াহিয়া।

বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সুলতান আল ঘানামের পাস থেকে বল পেয়ে ডান পাশের কিনারা দিয়ে জাল খুঁজে নেন রোনালদো; যা বর্ণাঢ্য ক্যারিয়ারে তার ৮৯৬তম গোল। কাল ট্রেডমার্ক ‘সিউ...’ উদযাপনের আগে হাত দুটি মেলে রোনালদো যেন বোঝাতে চেয়েছেন, বুড়িয়ে গেলেও এখনো ফুরিয়ে যাননি।

যোগ করা সময়ে অবশ্য আল নাসরকে বড় ধাক্কা খেতে হয়। জাতীয় দল ক্রোয়েশিয়াকে বিদায় বলে দেওয়া মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচ ৯৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াদের ক্লাবটি। তবে বাকি ৪ মিনিটে আল নাসরের কোনো বিপদ হয়নি।

রোনালদোর সামনে শনিবার আল নাসরের হয়ে দ্বিতীয় ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, যা ছিল ক্লাবটির হয়ে তার প্রথম শিরোপা।