পাকিস্তান শাহিনসের সঙ্গে চারদিনের ম্যাচে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে এ মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলও রয়েছে পাকিস্তানে। প্রথম ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি হলেও জাতীয় দল এখন প্রস্তুতি নিচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের এ স্পিন কিংবদন্তি শুনিয়েছেন এ সিরিজ নিয়ে তার প্রত্যাশা-সম্ভাবনার কথা।
স্বাভাবিকভাবেই প্রথম টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে প্রশ্ন ওঠে মুশতাকের কাছে। জবাবে তিনি বলেন, ‘আগে কন্ডিশন দেখতে হবে তারপর দল নির্বাচন। রাওয়ালপিন্ডি যাওয়ার পর স্টেডিয়ামের পিচ দেখব। তারপর কম্বিনেশন কেমন হবে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।’
লাহোরে চলমান কন্ডিশনিং ক্যাম্প শেষে ১৭ তারিখ ইসলামাবাদে যাবে দল। সেখানে আরও তিনদিনের ক্যাম্প শেষে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে বাংলাদেশ। টেস্টে স্পিনারদের ভূমিকা নিয়ে মুশতাক বলেন, ‘টেস্ট ম্যাচে স্পিনাররা খুবই গুরুত্বপূর্ণ। একজন স্পিনার আপনাকে সবসময় উইকেট এনে দেবে। কখনো কখনো ৫-৬ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেবে। তাই ম্যাচ উইনিং স্পিনারকে আমি সবসময়ই সমর্থন জানিয়ে যাই।’
এ সিরিজে দল নিয়ে তার প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে স্পিন কোচ জানান, ‘আপনি যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে আসেন তখন বিশ্বাস বিষয়টি খুব গুরুত্বপূর্ণ । আপনি ম্যাচ জিতবেন সেই বিশ্বাস আপনার থাকতে হবে। আর কম্বিনেশনের কথা বললে সেটা পিচ দেখে সিদ্ধান্ত নিতে হবে। তখনই বোঝা যাবে একাদশে কয়জন পেসার আর কয়জন স্পিনার থাকবে।’
স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশের হয়ে এক সফরেই সফল বলা যায় মুশতাক আহমেদকে। তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ছোট সংস্করণের পর এবার বড় সংস্করণে মাঠে নামার আগে দেশের স্পিনারদের নিয়ে তার ভাষ্য, ‘বাংলাদেশ স্পিনাররা বেশ পরিণত ও বেশ ভালো। আমার কাজ হলো ওদের ট্যাকটিক্যালি ও টেকনিকের দিক থেকে এগিয়ে দেওয়া। কোন পরিস্থিতিতে কী করতে হবে এ বিষয়ে যত অভিজ্ঞই হন না কেন এগুলো কাউকে মনে করিয়ে দিতে হয়। আমাদের তাইজুল, মিরাজরা ম্যাচ উইনার। অনেক ম্যাচে তারা বাংলাদেশকে জিতিয়েছে। এরা মানুষ হিসেবেও ভালো। শিষ্য হিসেবে ওদের পেয়ে আমি গর্বিত। ওরা বোঝে কখন কী বলছি, তাই ওদের কোচিং করানো সহজ এবং ওরা শিখতে পারে।’
সেই সঙ্গে পেসারদের ব্যাপারেও আশাবাদী মুশতাক, ‘বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বিষয় হলো দলে দারুণ পেসাররা আছে। যদি পেস বোলিং সহায়ক কন্ডিশন করা হয় তবে সমস্যা নেই। আমাদের তিন পেসার খেলানোর সামর্থ্যও আছে। এটা ম্যাচের পিচ কেমন হয় তার ওপর নির্ভর করছে।’
পাকিস্তান সফরেই থাকা বাংলাদেশ ‘এ’ দলের বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা পণ্ড হয়ে গেছে বৃষ্টির বাধায়। প্রথম ইনিংসে বাংলাদেশের ১২২ রানের জবাবে পাকিস্তান শাহিনস তাদের ইনিংসে ৪ উইকেটে ৩৬৭ রান তুলেছে। ১৭৭ রান করেছেন উমর আমিন। বাংলাদেশ ‘এ’ পিছিয়ে আছে ২৪৫ রানে।