নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। এ ছাড়া কয়েকটি দপ্তরে পরিবর্তন আনা হয়েছে। পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুনদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নতুন চার উপদেষ্টা শপথ নেওয়ার পর বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর পরিবর্তন ও তিনজন উপদেষ্টাকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, নতুনদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে সাখাওয়াত হোসেনের দেওয়া বক্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তিনি এক বক্তব্যে বলেছিলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।’
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে আরও নতুন দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দুটি মন্ত্রণালয় হচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে আসা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই দুজনই এখন থেকে দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ৯ আগস্ট শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।