বরিশালের উজিরপুর উপজেলার সঙ্গে শিকারপুর বন্দরের সড়ক যোগাযোগের এক মাত্র সড়কটি সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। যেকোনো সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় রয়েছে স্থানীয় বাসিন্দরা। প্রায় ৩ মাস আগে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে সরকারি শিকারপুর শেরে বাংলা কলেজের সামনে ব্রিজের পাশে একটি বটগাছ সন্ধ্যা নদীতে পড়ে যায়। এরপর ধীরে ধীরে ভাঙনের আকার বড় হয়ে সড়কের বেশ কিছু অংশ দেবে যায়।
শিকারপুর বন্দর ব্যবসায়ী হেমায়েত মুন্সি জানান, সড়কটি নদীর গর্ভে চলে গেলে স্থানীয় ব্যবসায়ীদের চরম বিপাকে পড়তে হবে। এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত যান চলাচল করে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনিসহ স্থানীয় ব্যবসায়ীরা।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী খালিদ বিন অলীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
উজিরপুর ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, সড়কটির অবস্থা দেখেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করা হয়েছে।