নেত্রকোনায় চিনি-কম্বলসহ তিন যুবক আটক

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় সেনাবাহিনীর অভিযানে ৮০ বস্তা চিনি ও ৫০০ কম্বলসহ তিন যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার।

তিনি জানান, এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইশবপুর এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। আটকের পর তাদের বাড়ি ও দোকান থেকে ৮০ বস্তা চিনি এবং ৫০০ কম্বল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

আটকরা হলেন শহিদুল ইসলাম (৩২), মোহাম্মদ মৌলু মিয়া (২৮) এবং হুমায়ুন কবির (৩৮)।

স্থানীয়দের বরাতে সেনাবাহিনী আরও জানায়, সীমান্ত চোরাকারবারীর সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। এ চক্রের মূল হোতাদের আটক করার কার্যক্রম অব্যাহত রয়েছে। আটকদের কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে জব্দ মালপত্র প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকারি হেফাজতে হস্তান্তর করা হবে।