অস্ট্রেলিয়ার টুর্নামেন্টের সেমিতে এইচপি দল

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। কাঙ্খিত সেই জয় ঠিকই আদায় করে নিয়েছে বাংলাদেশ এইচপি। ৩ উইকেটে তারা হারিয়েছে পার্থ স্কর্চার্সকে। যে জয়ে শেষ চার নিশ্চিত করেছে আকবর আলির দল।

আগে ব্যাট করে পার্থ দাঁড় করিয়েছিল ১২৯ রানের সংগ্রহ। ৫৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তেগুয়ে উইলি। এছাড়া বেক্সটার হোল্ট করেন ২৬ বলে ৩৪ রান। এইচপির হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।

সেই ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩ বল হাতে রেখেই সেখানে পৌঁছায় এইচপি। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক আকবর আলি। তার ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৩ ছক্কায়। এছাড়া ১০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ বলে ২৬ রান করেন ওপেনার জিশান আলম।

মাত্র ৮ রান খরচায় পার্থের হয়ে ৩ উইকেট শিকার করেছেন ম্যাথু কেলি। জেয়ি রিচার্ডসনের ঝুলিতে গেছে আরও ২ উইকেট।

৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট আদায় করে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে বাংলাদেশ এইচপি। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থাকায় চারে অবস্থান অ্যাডিলেইড স্ট্রাইকার্সের। শেষ ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছে এসিটি। সেই ম্যাচে এসিটি বড় ব্যবধানে জিতলে কপাল পুড়তে পারে অ্যাডিলেইডের।