চট্টগ্রাম নগরে বাসায় ঢুকে এক পুলিশ সদস্যকে মারধর এবং তার স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগর ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রকিবুল ইসলাম সেলিম ও মো. ফরহাদ ওরফে সাব্বির।
গত রবিবার (১১ আগস্ট) বায়েজিদ বোস্তামী থানার চৌধুরী নগর এলাকায় এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় আজ শনিবার (১৭ আগস্ট)
পুলিশ জানায়, আহত পুলিশ সদস্য হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় কর্মরত কনস্টেবল ফৌজুল করিম। ঘটনার পর ওই পুলিশ সদস্য ও তার স্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পরের দিন ১২ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানায় পুলিশ সদস্যের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, এক পুলিশ সদস্যকে মারধর, লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১১ আগস্ট সন্ধ্যায় ১০/১৫ জন সন্ত্রাসী হাতে ধারালো অস্ত্র, লোহার রড নিয়ে বাসায় গিয়ে পুলিশ সদস্য ফৌজুলকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে শ্লীলতাহানির পাশাপাশি মারধর, ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত বাসায় আসলে লোহার রড দিয়ে ফৌজুলকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা স্বামী- স্ত্রী দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। এ সময় স্থানীয়রা সেনাবাহিনীর টহল টিমকে খবর দিলে তারা রকিবুল ইসলাম সেলিম ও মো. ফরহাদ ওরফে সাব্বিরকে আটক করে থানায় সোপর্দ করেন।