ব্রাদার্স ইউনিয়নের হাল ধরেছেন ইশরাক হোসেন। আহ্বায়ক কমিটির দায়িত্ব নিয়ে গোপীবাগের ক্লাবটির হারানো গৌরব ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
একসময়ের দাপুটে ক্লাব ব্রাদার্স ইউনিয়ন বিগত বছরগুলোতে ব্যর্থতার ঘেরাটোপে ছিল বন্দী। গত প্রিমিয়ার লিগেও তারা তলানিতে থেকে অবনমিত হয়ে নেমে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। ১৮ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল ব্রাদার্স, হেরেছিল ১৩ ম্যাচে। অথচ একসময় দেশের ফুটবলে দলটির পরিচিতি ছিল ‘জায়ান্ট কিলার’ হিসেবে, হরহামেশাই বড় বড় ক্লাবগুলোকে ধরাশায়ী করত তারা।
গোপীবাগের এই ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। তার ছেলে সাদেক ইশরাক হোসেন দায়িত্ব নিয়ে শনিবার ক্লাবের কর্মকর্তা, সদস্য ও সমর্থকদের উদ্দেশে বার্তায় ইশরাক বলেছেন, ক্লাবটিকে নতুনভাবে সাজাতে চান তিনি, 'যারা সদস্য রয়েছেন, বিশেষ করে যাদের অভিজ্ঞতা রয়েছে ক্লাব পরিচালনার ক্ষেত্রে, ফুটবল, ক্রিকেট দল এবং অনান্য বিষয় আপনারা যারা দেখভাল করেছেন, আপনার সবাই পরস্পরকে সহযোগিতা করবেন, আমাকেও সহযোগিতা করবেন। যেন আমি এই ক্লাবকে নতুনভাবে সাজাতে পারি।'
তিনি বলেন, 'উদ্দেশ্য একটাই, ব্রাদার্স ইউনিয়নকে আগের গৌরবের জায়গায় ফিরিয়ে নেওয়া, বাংলাদেশের এক নম্বর ক্লাব হিসেবে এটাকে প্রতিষ্ঠা করা। ফুটবল, ক্রিকেট দল, প্রয়োজনে আরও অনান্য খেলার দলও গঠন করব। আরেকটি পরিকল্পনা আছে, সুদূরপ্রসারী, সবসময় স্বপ্ন দেখেছি। ব্রাদার্স ইউনিয়নের যে ক্লাবটি আছে, এখানে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা।'