অবসর থেকে ফিরিয়ে সচিব করা হলো ৫ অতিরিক্ত সচিবকে

চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মাথায় পাঁচ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে নিয়োগের তিন দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

একই দিন বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ পাঁচ প্রতিষ্ঠানে চুক্তি ভিত্তিতে থাকা পাঁচজনের চুক্তি বাতিল করেছে সরকার। অবশ্য তাদের কেউ কেউ আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্র্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদ গত রবিবার আটটি সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্তও আছে। এজন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের সচিবকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে নতুন সচিব দেওয়া হয়েছিল। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন যারা : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের মধ্যে ড. শেখ আব্দুর রশিদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে; মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে; ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে; ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির জন বিভাগে এবং এমএ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা সবাই আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের মধ্যে ড. শেখ আবদুর রশিদ ১৯৮২ রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের মেধা তালিকায় প্রথম ছিলেন। সর্বশেষ তিনি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ৩ নভেম্বর জেলহত্যা দিবসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে নানা সমস্যার ভেতর দিয়ে তাকে চাকরিজীবনের শেষ সময় পার করতে হয়। ড. এমএ মোমেন ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ছিলেন ঢাকার জেলা প্রশাসক। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। এহসানুল হক ছিলেন ২০০৭-২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের একান্ত সচিব। এ ছাড়া নাসিমুল গনি ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দীন সরকারের একান্ত সচিব।

সচিব পদে রদবদল : এদিকে গত ১৪ আগস্ট বাংলাদেশ জ¦ালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছিল। গতকাল তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে।

পাঁচজনের চুক্তি বাতিল : জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পাঁচ প্রতিষ্ঠানে চুক্তি ভিত্তিতে থাকা পাঁচজনের চুক্তি বাতিল করা হয়েছে। তারা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশিদ আসকারী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।