প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী বিক্ষোভ

রাজধানীর বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে উত্তর বাড্ডায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এত সড়কে যানচলাচল বন্ধ হয়ে বিপাকে পড়ে সাধারণ মানুষ।

গতকাল শনিবার বেলা ১টার দিকে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে নতুন বাজার-বসুন্ধরামুখী সড়কে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। তারা প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের সঙ্গে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষকও যোগ দেন।

আন্দোলনরত শিক্ষার্থী সুমাইয়া বিনতে জামান বলে, ‘দফা এক দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ। তিনি দুর্নীতিবাজ, তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

সরেজমিনে দেখা গেছে, বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নানা ধরনের স্লোগান দেয়।