বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশে যত স্বৈরশাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করেছে। তাদের পরাভূত করে ছাত্র-জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

গতকাল শনিবার সকালে নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। ড. মঈন খান বলেন, ‘যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, যে আওয়ামী লীগ স্বাধীনতার ধারক বলে দাবি করে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে, একনায়কতন্ত্র কায়েম করে, বছরের পর বছর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। অন্যদিকে বাংলাদেশের ন্যায়নীতিকে ক্ষুন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে জালেমের সরকার কায়েম করেছে। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তার তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র-জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।’