কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে আহত ছাত্রদের চিকিৎসার খোঁজ খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তিনি চমেক হাসপাতালে যান। এর আগে আজ দুপুরে লোহাগাড়া থানা পরিদর্শনে যান তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন লোহাগাড়া থানায় হামলা, ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের গুলিবর্ষণে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।