বগুড়ায় দেয়াল চাপায় দিনমজুরের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় দেয়াল চাপা পড়ে আক্কাছ আলী কবিরাজ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে। এ ঘটনায় আনোয়ার প্রামানিক (৫৫) নামের আরেক দিনমজুর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৮ আগস্ট) সকাল ৮ টায় ঘটনাটি ঘটে।

নিহতের ভাতিজা আসলাম হোসেন বলেন, আমার চাচা একই গ্রামের আনোয়ার হোসেন নামে একজনের মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটির দেয়াল পড়ে গেলে আমার চাচা ও আনোয়ার হোসেন চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আক্কাছ আলীকেকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।