জামালপুর

দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মামলার হুমকি

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা প্রিন্সিপাল মো. ইউসুফ আলীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ করায় সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ আগস্ট) দুপুরের দিকে এ নিয়ে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার গুঠাইলে সিনিয়র মাদ্রাসার দুর্নীতি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা হাজির হয়ি। এ সময় প্রিন্সিপাল মো. ইউসুফ আলী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন। পরিস্থিতি প্রিন্সিপালের প্রতিকূলে গেলে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা নিয়ে বিষয়গুলো সমাধান করতে বলা হয়। এ সময় টাকা দিয়ে সমস্যা সমাধান করতে অস্বীকৃতি জানালে শিক্ষার্থীদের মামলা দিয়ে দেখে নেওয়ার হুমকি দেন ওই প্রিন্সিপাল।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, কয়েকজন শিক্ষার্থীদের নাম উল্লেখ করে থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন প্রিন্সিপাল। এ বিষয়ে গুঠাইল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মো.ইউসুফ আলী বলেন, ‘আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না। শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে তা মিথ্যা। তারা যদি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে তার তদন্ত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসা সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সমাধানের জন্য কাজ করছি।’