ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবে বহিরাগতদের দ্বারা একের পর এক হামলার ঘটনাকে ন্যাক্কারজনক মন্তব্য করে এর তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময় সাংবাদিকরা বলেন, প্রেস ক্লাবের ৬২ বছরের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ধরনের ঘটনার মধ্য দিয়ে দুর্বৃত্তরা অরাজক পরিস্থিতি তৈরি করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি ও ছাত্রজনতার অর্জনকে বিনষ্ট করতে চায়।
রবিবার ( ১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সমাবেশে বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে বহুবার রাজনৈতিক পটপরিবর্তন ছাড়াও অনেক কিছু হয়েছে। কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৬২ বছরের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা ৫ আগস্ট, ৬ আগস্ট, ১২ আগস্ট ও ১৪ আগস্ট দফায় দফায় প্রেস ক্লাবে হামলা চালিয়েছে। আহত করেছে ২০ জনেরও বেশি সিনিয়র সাংবাদিককে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবে বহিরাগতদের একের পর এক হামলায় নানা মহলে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এ ব্যাপারে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।