ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির মুখে ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে ৬২৬ জন আশ্রয় নিয়েছিলেন দেশের বিভিন্ন সেনানিবাসে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পুলিশ কর্মকর্তা ও সদস্য। তা ছাড়া রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার লোকজনও ছিলেন। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর আরও জানায়, ওই সময় সব মিলিয়ে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নেন। এর মধ্যে ৫১৫ জনই পুলিশের সদস্য-কর্মকর্তা। ৫১৫ জনের
মধ্যে ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন।
আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্যসহ সাতজন সেনানিবাসে অবস্থান করছেন। এ ক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেনাবাহিনী সব সময় জনসাধারণের পাশে আছে এবং থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দেবে সিএমএইচ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা দেবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। গতকাল রাতে আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি চিকিৎসা গ্রহণের জন্য সিএমএইচ, ঢাকার উল্লিখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো : ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭ ও ০১৭৬৯০৫১৬৫৮।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতিদ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।