খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব ১৭ বছর পর সচল

দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব গতকাল সোমবার সচল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ রাখা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

কর কর্মকর্তারা বলছেন, পুরনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় গতকাল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।