গাজীপুর সিটি করপোরেশন থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু ফাইল সরিয়ে নেওয়ার সময় শিক্ষার্থীরা তা আটকে দিয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সহস্রাধিক গুরুত্বপূর্ণ ফাইল নগর ভবনের সভাকক্ষে স্তূপ হয়ে দীর্ঘদিন রক্ষিত ছিল। গতকাল বিকেলে দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হলে তড়িঘড়ি করে ওই ফাইলগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বেশ কিছু ফাইল সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসে করে সরিয়ে ফেলা হয়। খবর পেয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সিটি করপোরেশনের সামনে এসে ফাইলভর্তি একটি লেগুনা আটকে দেয়। পরে ফাইল সরানো থেমে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা বলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কার্যকালে সিটির আটটি জোনের সহস্রাধিক শিল্প ও বাণিজ্যিক ফাইলে দুর্নীতির অভিযোগ ছিল। ২০২৩ সালে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর সব শিল্প ও বাণিজ্যিক ফাইলগুলো তদন্তের জন্য নগর ভবনে নিয়ে আসা হয়েছিল। এখন জায়েদা খাতুন মেয়র পদে না থাকায় বিভিন্ন জোন থেকে ফাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের সচিব আবদুল হান্নান বলেন, বিভিন্ন জোন থেকে তালিকা তৈরি করে এসব ফাইল নগর ভবনে আনা হয়েছিল। এখন ফের তালিকা করে যার যার জোনে এসব ফাইল পাঠিয়ে দেওয়া হচ্ছিল।