সাঈদ-মুগ্ধদের গোল উৎসর্গ করে জয় বাংলাদেশের

প্রত্যাশিতভাবেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আসরের সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের গোল দুটি করেন মিরাজুল ইসলাম ও নোভা।

ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কান যুবাদের ওপর আধিপত্য ধরে রাখে বাংলাদেশের যুবারা। যার ফল পেতে খুব একটা সময় লাগেনি তাদের। রাব্বি হোসেন রাহুলের বাড়িয়ে দেওয়া ক্রস থেকে ম্যাচের ১৭তম মিনিটে জালভেদ করেন মিরাজুল। গোলের পর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক উদযাপনই করেছেন যুবারা।  মিরাজুল গোল করে সোজা চলে যান ড্রেসিংরুমে।

ওখান থেকে কিছু দিন আগে শেষ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাদা টি-শার্টে আবেগি এক বার্তা নিয়ে হাজির হন তিনি। সেখানে লেখা ছিল, “মুগ্ধ ও আবু সাঈদের স্মরণে মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি”। তার সাথে এই উদযাপনে শামিল হন দলের অন্য ফুটবলাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বেশ সাড়া ফেলেছে। 

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেছে বাংলাদেশ। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করায় মিরাজুলকে তুলে নিয়ে কোচ মারুফুল হক ৬৫ মিনিটে মাঠে পাঠিয়েছিলেন নোভাকে। তাতে খেলার গতি আরও বাড়ে। ৮৫ মিনিটে নোভা অবশ্য দলের ব্যবধান বাড়াতে ভুল করেননি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

এবারের সাফ গড়াচ্ছে নেপালে।  দুই গ্রুপে অংশ নিচ্ছে ৬ দেশ। গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল। গ্রুপ ‘বি’তে ভারত, মালদ্বীপ ও ভুটান। নেপালের সাথে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কা আজ বাংলাদেশের কাছে হেরে ছিটকে গেল আসর থেকে। বাংলাদেশ পরের ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে আগামী বৃহস্পতিবার।