সাবেক নৌ কর্মকর্তা সোহায়েল, প্রতিমন্ত্রী তাজুল আটক

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের আটক করে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, তাজুলকে রাজধানীর গুলশান এলাকা এবং সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়। আটকের পর দুজনকেই ডিবি হেফাজতে রাখা হয়। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন। ২০০৯ সালের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একই সঙ্গে তিনি দলটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকও ছিলেন। কিন্তু পরে বাদ পড়েন।

আর গত সোমবার রাতে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে। তার বিরুদ্ধে দুর্নীতি, গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এ ব্যবস্থা নেয় বলে জানা যায়।

২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর মোহাম্মদ সোহায়েল র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন। তখন তার বিরুদ্ধে গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে।