সরকার পরিবর্তনের পর প্রশাসনে নানা পরিবর্তনের ধারাবাহিকতায় এবার ঢাকাসহ ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। পর্যায়ক্রমে ডিসিদের প্রত্যাহার করে তাদের জায়গায় নতুন ডিসি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অবশ্য এর আগেও নেওয়া হয়েছিল।
গতকাল প্রথম ধাপে ২৫ ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি জেলায় জেলায় নতুন প্রশাসক নিয়োগের প্রক্রিয়াও চলছে।
একটি প্রজ্ঞাপনে ঢাকার ডিসি আনিসুর রহমানকে ওয়াকফ প্রশাসক কার্যালয়ের উপওয়াকফ প্রশাসক, সিলেটের ডিসি শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক, হবিগঞ্জের ডিসি মোছা. জিলুফা সুলতানাকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, ময়মনসিংহের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বাংলাদেশ জুট করপোরেশনের সচিব, মাগুরার ডিসি মোহাম্মদ আবু নাসের বেগকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সচিব, রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, গাইবান্ধার ডিসি কাজী নাহিদ রাসুলকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক, নওগাঁর ডিসি মো. গোলাম মওলাকে বাংলাদেশ ক্ষুদ্রও কুটিরশিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক করা হয়েছে।
এ ছাড়া নাটোরের ডিসি আবু নাছের ভূঁঞাকে নিপোর্টের উপপরিচালক, কক্সবাজারের ডিসি মোহাম্মদ শাহিন ইমরানকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, চট্টগ্রামের ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক, নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমানকে কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক, গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের উপপরিচালক, কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের পরিচালক, মৌলভীবাজারের ডিসি ঊর্মি বিনতে সালামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক, খুলনার ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের অর্থনৈতিক উপদেষ্টা এবং গোপালগঞ্জের ডিসি কাজী মাহবুবুল আলমকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
আরেক আদেশে ফরিদপুরের ডিসি মো. কামরুল হাসান তালুকদারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি আবদুল্লাহ আল /////খায়রুমকে/// মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, কুষ্টিয়ার ডিসি মো. এহতেশাম রেজাকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, ঝিনাইদহের ডিসি এসএম রফিকুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, পাবনার ডিসি মু. আসাদুজ্জামানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব, বগুড়ার ডিসি মো. সাইফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব, জয়পুরহাটের ডিসি সালেহীন তানভীর গাজীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব এবং চাঁদপুরের ডিসি কামরুল হাসানকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সবশেষ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জেলা প্রশাসক পদে বড় পরিবর্তন আনে তৎকালীন সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের সব জায়গায় পালাবদলের মধ্যে এ প্রজ্ঞাপন এলো।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর জনপ্রশাসন ও পুলিশে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, পুলিশ ও জনপ্রশাসনে শিগগিরই আরও কিছু পরিবর্তন করা হবে।