রাসিক ভবন থেকে লুট হওয়া মালামাল ফেরতের আহ্বান

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আয়োজনে রাসিকের সার্বিক কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় তিনি সিটি করপোরেশনের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক বলেন, ‘নগর ভবন থেকে লুট হওয়া মালামাল রাষ্ট্রীয় সম্পদ। সেগুলো দ্রুত সময়ের মধ্যে নগর ভবনে ফেরত দেওয়ার অনুরোধ করছি। যারা ফেরত দেবেন, তাদের আমরা ধন্যবাদ জানাব। তবে পরবর্তী সময়ে কারও কাছে সিটি করপোরেশনের কোনো সম্পত্তি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ কাজ ও সেবাসমূহ দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। ইতিমধ্যে অনেক নাগরিক সেবা চালু হয়েছে, যেগুলো বাকি রয়েছে, সেগুলোও আজকের মধ্যে চালু করা হবে। সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে রাজশাহী নগর ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দিন থেকেই পলাতক রয়েছেন সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।