সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত, তার ছেলে যুহায়ের ইসলাম, কারসাজি চক্রের হোতা আবুল খায়ের হিরো ও পরিবার সদস্য, জাবেদ এ মতিন, অধ্যাপক শিবলীর পারিবারিক বন্ধু মনিজা চৌধুরীর বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গতকাল বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএলকে এ আদেশ দিয়েছে।
একই সঙ্গে বাজার পরিচালনায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে পরিচালক আবুল কালামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক বনি ইয়ামিন খান এবং সরকারি পরিচালক সাদেকুর রহমান। কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি স্টক এক্সচেঞ্জের যেকোনো বিষয় খতিয়ে দেখতে পারবে।
এদিকে গত মঙ্গলবার মৌখিক নির্দেশনা প্রদানের পর গতকাল ডিএসইর সব স্বতন্ত্র পরিচালক পদত্যাগ চেয়ে চিঠি দিয়েছেন। আজ সকালে বিএসইসিতে পাঠানো হবে। তবে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ছাড়া বাকি স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন কি না, সন্ধ্যায়ও তা নিশ্চিত হওয়া যায়নি।