গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বন্ধ হয়ে যাওয়া রংপুর চিনিকল চালুর দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর চিনিকল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে চিনিকলের চাকরি হারানো শ্রমিক-কর্মচারী, আখচাষিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে তারা পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন ওমর ফারুক, অয়ন সুলতান, সাজ্জাদ হোসেন সাগর, আতিক শাহরিয়ার শান্ত, পলাশ ইসলাম জয়, সামিউল্লাহ শাহ ফকির। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, তৈয়ব হোসেন, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা রতন, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এ চিনিকলটিকে রাজনৈতিক কারণে ২০১৯ সালের ডিসেম্বর মাসে বন্ধ করা হয়। এই প্রতিষ্ঠানকে ঘিরে অন্তত দুই লক্ষাধিক মানুষ তাদের জীবিকা নির্বাহ করতেন। শুধু তাই নয়, চিনিকলটি বন্ধ হওয়ায় কর্মকর্তা ও কর্মচারী, শ্রমিকসহ প্রায় ১১শ মানুষ তাদের কাজ হারান। সেই সঙ্গে উপজেলার প্রায় ২০ হাজারের বেশি আখচাষি বিপাকে পড়েন।
চিনিশিল্প ধ্বংসকারীদের বিচার দাবি করে বক্তারা আরও বলেন, অবৈধ চিনি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে বিগত স্বৈরাচারী সরকার চিনিশিল্পকে ধ্বংস করার খেলায় মেতেছিল। অবিলম্বে ওই অশুভ চক্রকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সব বন্ধ চিনিকল আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবি জানান তারা।