লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরের দিকে বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা চালালে গ্রামবাসী ও বিজিবি বাধা দেয়। এ ঘটনার পর উভয় বাহিনী সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে।
এ বিষয়ে বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন সাংবাদিকদের বলেন, ‘বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। এ সময় আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে কাজে বাধা দিয়েছি। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে।’
বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্র্তৃপক্ষ সেটি না মেনে হাড়িপাড়া সীমান্তের ৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ২৩ থেকে ২৬ নম্বর সাব-পিলার অংশে জিরো লাইন (নো ম্যানস ল্যান্ড) বরাবর হঠাৎই কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করে। বিষয়টি নজরে এলে বিজিবি সদস্যরা বাধা দেন। এমন পরিস্থিাতিতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফ সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার ওই সীমান্তে রাতভর ভারতের কোচবিহার ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া ও নির্মাণসামগ্রী এনে রাখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষ সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে।