ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

এস আলমের প্রভাবমুক্ত করতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন।

তারা হলেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।

এর আগে বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ।