টাকা পেলে নিজের বায়োপিকে অভিনয় করতে রাজি দ্রাবিড়

বলিউডে ক্রিকেটারদের বায়োপিক তৈরির হিড়িক দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। শচীন টেন্ডুলকার, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিসহ বেশ কিছু ক্রিকেটারের বায়োপিক তৈরি হয়েছে। ‘দ্য ওয়াল’ খ্যাত ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের বায়োপিক যদি তৈরি হয়, তাহলে কে অভিনয় করবেন তার চরিত্রে? রাহুল জানালেন, তার অভিনয়ে আপত্তি নেই। তবে একটা শর্তও আছে।

কিছুদিন আগেই রাহুলের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এরপর প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হয়, তার বায়োপিকে কে অভিনয় করবেন? এর জবাবে দ্রাবিড় মজা করে বলেন, ‘ভালো অংকের টাকা পেলে আমিই অভিনয় করতে পারি।’

দ্রাবিড় মজা করে এ কথা বললেও ক্রিকেটপ্রেমীদের বেশ মনে ধরেছে। কয়েকদিন আগেই জানা গেছে, ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরি হবে। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী নায়কের জীবনের বিভিন্ন লড়াইয়ের কাহিনী দেখা যাবে বড় পর্দায়। এরপরই দ্রাবিড়ের বায়োপিক নিয়ে গুঞ্জন শুরু হয়।

চাপের মুখে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত ব্যাটিং আর নম্র-ভদ্র আচরণের জন্য বিখ্যাত ছিলেন দ্রাবিড়। খেলোয়াড়ী জীবনে তার বহু নারীভক্ত ছিল। কি্নতু কোনো কেলেঙ্কারিতে জড়াননি তিনি। নিপাট এই ভদ্রলোক অভিনয়ে এলে দর্শকরা সেটা গ্রহণ করবে বলেও সোশ্যাল সাইটে আলোচনা শুরু হয়েছে। আসলেই কি দ্রাবিড় অভিনয় করবেন?