চট্টগ্রামে ৪৮ আশ্রয়কেন্দ্র, কন্ট্রোল রুম চালু

অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড় ধসের কারণে সৃষ্ট দুর্যোগে ৪৮টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুর্গতদের জন্য প্রস্তুত করা হয়েছে ছয় হাজার প্যাকেট খাবার।

এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে ৪১টি ওয়ার্ডের জন্য সাতটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। দুর্যোগের কারণে চসিকের কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নগর ভবনের কনফারেন্স রুমে চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বলা হয়, জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দামপাড়ায় চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ০২৩৩৩৩৬৩০৭৩৯। এছাড়া কুইক রেসপন্স টিম দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা জনগণকে দ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে পাঠানো এবং তাদের ত্রাণ সামগ্রী, প্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে কাজ করবে।

অপরদিকে অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ওষুধ মজুদসহ তিনটি জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি চসিকের ৫০টি হেলথ কমপ্লেক্স নাগরিকের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে।