‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর এই ছবিতে প্রভাসের চরিত্রকে ‘জোকার’ বলে সম্বোধন করেন আরশাদ ওয়ারসি। এরপরই বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তর্ক শুরু হয় সামাজিক মাধ্যমে। এসবের মধ্যে রাজামৌলির এক ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেখানে ২০০৭ সালে ‘বিল্লা’ ছবির প্রচারণা অনুষ্ঠানে রাজামৌলি বলেছিলেন, ‘যখন “ধুম ২” ছবি দেখেছিলাম, হৃতিককে দেখে মনে হয়েছিল, বলিউডে কত ভালো ভালো অভিনেতা। আমাদের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কেন নেই এ রকম অভিনেতা!’
তারপর তিনি যোগ করেন, ‘কিন্তু “বিল্লা” ছবির ঝলক ও গান দেখার পর এখন আমি বলতে চাই, প্রভাসের আশপাশে হৃতিক নেই। বলিউড থেকে অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে তেলেগু ইন্ডাস্ট্রি। এখন হলিউড ছবির সমকক্ষ আমরা।’ তার এই বক্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।
সেই অনুষ্ঠানে দক্ষিণী তারকা অল্লু অর্জুনও ছিলেন। রাজামৌলির বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, ‘প্রভাসের চেহারা অসাধারণ। ছবিতে দুর্দান্ত কাজ করেন। সবার মধ্যে নম্বর ওয়ান। যে রকম রাজামৌলি বললেন, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন। আর এটাই সত্যি।’
১৬ বছরের পুরনো সেই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ফের রোষের মুখে পড়লেন রাজামৌলি ও আল্লু অর্জুন। বলিউডের প্রথম সারির অভিনেতাকে অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন হৃতিকের অনুরাগীরা। এক যুগেরও বেশি সময়ের আগে সেই মন্তব্যের জন্য পরবর্তীকালে রাজামৌলি জানিয়েছিলেন, হৃতিককে কোনোভাবেই অসম্মান করার উদ্দেশ্য ছিল না তার। কিন্তু তারপরও সেই ঘটনা পিছু ছাড়েনি তার। ফের বিতর্কের মুখে রাজামৌলি ও আল্লু অর্জুন।