দেশের চলমান পরিস্থিতিতে অনেক দিন ধরেই প্রেক্ষাগৃহ বন্ধ। কিছু কিছু সিনেমা হল খোলা থাকলেও সেভাবে দর্শক নেই। এর মধ্যেই আজ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’ সিনেমা। দেশের পটপরিবর্তনের পর এটিই হচ্ছে প্রথম মুক্তি পাওয়া সিনেমা। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান। পাঁচ বছর আগে অভিষেক হওয়া এই নায়িকার তৃতীয় সিনেমা এটি। মৌ খান বলেন, ‘সাধারণ দর্শকের কথা মাথায় রেখে ছবিটি নির্মিত হয়েছে। ডিপজল ভাইয়ের একটা দর্শকমহল আছে। তারা ছবিটি দারুণ উপভোগ করবে বলে আশা করছি।’ গত এক বছর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি জানিয়ে এই নায়িকা বলেন, ‘ভালো বাজেট ও পরিচালকের ছবি ছাড়া করতে চাই না। বছরে দুটি হলেও ভালো ছবিতে অভিনয় করতে চাই। এরই মধ্যে চলচ্চিত্রে পাঁচ বছর পার করলাম। এখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’
‘অমানুষ হলো মানুষ’ সিনেমাতে ডিপজল-মৌ ছাড়া আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।