মীরসরাইয়ে পানির নিচে ৭ ইউনিয়ন, বিদ্যুৎ সংযোগ বন্ধ

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে আরও তিন ইউনিয়ন। এর মধ্য দিয়ে শুক্রবার বিকাল নাগাদ উপজেলার সাতটি ইউনিয়নই বন্যার পানিতে প্লাবিত হলো। এতে আটকা পড়েছে অন্তত তিন লাখ মানুষ। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ছাত্র-জনতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্ঘটনার আশংকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ এলাকায়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে মীরসরাইয়ের চারটি ইউনিয়নে বন্যার পানি ঢুকে। পরদিন শুক্রবার নতুন করে আরও তিন ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে। প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে মীরসরাইয়ের করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী ও কাটাছড়া ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ। এসব এলাকার অধিকাংশ বাড়িতে পানি ঢুকেছে। তলিয়ে গেছে বেশিরভাগ এলাকার বাড়িঘর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, পানিতে তলিয়ে যাওয়া এলাকা থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ  করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ছাত্র-জনতাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ পর্যন্ত ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে স্পিড বোট নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ১০০টার বেশি স্পিড বোট আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে কাজ করছে সেনাবাহিনী। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে পানির পরিমাণ বাড়ছে।