সিরাজগঞ্জে এক নারীকে গলা কেটে ও নীলফামারীতে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দাউদকান্দিতে চাচির হাতে এক যুবক খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
সিরাজগঞ্জ পৌর শহরের চর মালশাপাড়ায় হেদেজা বেগম (৮২) নামে এক নারীকে গলা কেটে হত্যার করে ঘর থেকে ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হেদেজা সিরাজগঞ্জ সদর উপজেলার চ-াল বয়ড়া গ্রামের সোহরাব আলী ম-লের স্ত্রী। দুপুর ২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মুস্তাকিন জানান, দুর্বৃত্তরা সকাল সাড়ে ৯টার দিকে হেদেজাকে গলা কেটে হত্যা করে তার ঘরে থাকা গরু বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির হাতে সুমন মিয়া (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। তিনি নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ছিলেন।
এ ঘটনায় চাচি পারুল আক্তার (৪৫), তার স্বামী আলী মিয়া (৫৫), ছেলে রাব্বি আহমেদ ও মেয়ে তানিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন মিয়া নারায়ণগঞ্জ থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি এসে দেখেন তার চাচি চারাগাছ লাগাচ্ছেন। তার সীমানায় গাছ লাগাতে মানা করায় চাচি তাকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে চাচি পারুল আক্তার সুমন মিয়ার নিম্নাঙ্গে সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পারুল আক্তারসহ ওই চারজন হাসপাতালে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের আটক করে মডেল থানায় নিয়ে আসেন।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক সুজয় মজুমদার বলেন, ‘এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পারুল আক্তারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
নীলফামারী : নীলফামারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন মোখলেছার রহমান (৫৮) নামে এক কৃষক। গত বৃহম্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার শিকার মোখলেছার নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের পূর্বপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে ওই কৃষকের ছেলে মারুফ হোসেন সদর থানায় হত্যা মামলা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কৃষক মোখলেছার বেরুবন্দ বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে চার থেকে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।