ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিবৃষ্টি ও ঢলের পানিতে আরও একটি সেতু আংশিক ধসে গেছে। ফলে আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। পৌরশহরের দেবগ্রাম ও মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকার সেতুটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। সেটি ধসে পড়লে পৌর এলাকার দেবগ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়বে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পৌর এলাকার দেবগ্রাম ও মোগড়া ইউনিয়নের নয়াদিলের সংযোগস্থলের সেতুটি গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ঝুঁকির মধ্যে পড়ে। সেতুর এক পাশের দেয়াল ধসে পড়লে জনমনে আতঙ্ক দেখা দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে সেতুর কাছাকাছি স্থানে গাছ ফেলে সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়। সেই থেকে এ এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার বিকেল থেকে পৌর এলাকার দেবগ্রামে আরেকটি সেতুর এক পাশ থেকে মাটি সরে গেছে। এ অবস্থায় ওই পাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এখানেও দুটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মাটি সরে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।