বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ম-ল ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন থেকে জায়গা দখল করে সেখানে ঘর তোলার কাজ চলছে। যদিও জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নেতা।

আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু অভিযোগ করে বলেন, ‘ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের পাশে গজারিয়া বাজারে তার ক্রয়কৃত জমি রয়েছে। এ জমির সীমানা নিয়ে পাশের শরীকদের সাথে জটিলতা রয়েছে। এ নিয়ে সালিশে তারা স্থাপনা সরিয়ে নিতে রাজি হয়।  সেজন্য তাকে কিছু টাকা দেওয়া হয়। কিন্তু টাকা নিয়ে সালিশ মোতাবেক কাজ করেনি। উল্টা গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আমার জায়গাটি জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণের কাজ শুরু করে। আমার লোকজন বাঁধা দিতে গেলে ভয় দেখিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বিএনপি নেতা নুরু মন্ডলের সহযোগিতায় আজিজুল মন্ডল, বজলু মন্ডল এ কাজ করছে।’

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মন্ডল বলেন, ‘আমি কোনো দখলের সাথে জড়িত নেই। আমার বিরুদ্ধে চেয়ারম্যান মিথ্যা অভিযোগ করছে। উক্ত এলাকায় যারা জমির মালিক তারা নিজেরাই দোকান তুলছে। বর্তমান অবস্থার কারণেই চেয়ারম্যান আমার নামে আজেবাজে কথা বলছে।’