ক্রিকেটকে বিদায় বললেন শিখর ধাওয়ান

নতুন প্রজন্মের আগমনে প্রায় দুই বছর ধরে তিনি জাতীয় দলে সুযোগই পাচ্ছিলেন না। ভবিষ্যত সুযোগ পাওয়ার সম্ভাবনাও নেই। তাই এবার সব ধরনের ক্রিকেটকে ভারতের মারকুটে ওপেনার শিখর ধাওয়ান। আন্তর্জাতিক-ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটেই তাকে আর দেখা যাবে না।

৩৮ বছরের ধাওয়ান দেশের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে। সেই ওয়ানডে সিরিজের পরই তিনি বাদ পড়েন। জাতীয় দলে তার জায়গা নিয়ে নেন তরুণ শুভমান গিল। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০২১ সালে। ‘এক্স’ -এ অবসরের ঘোষণায় ধাওয়ান লিখেছেন, ‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হলো। রয়ে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’

এছাড়া এক ভিডিওবার্তায় ধাওয়ান বলেন, ‘আমার একটাই লক্ষ্য ছিল- দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। অনেককেই ধন্যবাদ জানাতে হবে। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মা। তাদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। তারপর ধন্যবাদ দেব আমার সতীর্থদের, যাদের সঙ্গে আমি খেলেছি, একটা পরিবার পেয়েছি। সবার ভালোবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যেরকম পাতা ওল্টাতে হয়, আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

ধাওয়ান আরও ধন্যবাদ জানিয়েছেন সমর্থক, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তার ভাষায়, ‘দেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য। বিসিসিআই, ডিডিসিএ আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে পেয়েছি সমর্থকদের ভালোবাসা। নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই। বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।’

বাঁহাতি এই ওপেনার ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৭ সেঞ্চুরিতে করেছেন ২ হাজার ৩১৫ রান। ওয়ানডেতে ৬ হাজার ৭৯৩ রানের মালিক ধাওয়ান করেছেন ১৭টি সেঞ্চুরি। রোহিত শর্মার সঙ্গে তার জুটি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১ হাজার ৭৫৯ রান করেছেন ধাওয়ান। বেশ কিছু ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। সর্বশেষ আইপিএলে তিনি খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে।