কুমিল্লায় সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনার বিরুদ্ধে মামলা

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৪৯৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া আফছার আব্দুল হানিম নামে এক শিক্ষার্থীর বাবা শুক্রবার (২৩ আগস্ট) রাতে কোতয়ালি মডেল থানায় এ মামলা করেন। থানার ওসি ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্কুল-কলেজ থেকে খণ্ড খণ্ড মিছিলসহ ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতা জিলা স্কুলের সামনে এসে জড়ো হতে থাকে। এদিন দুপুরে ছাত্র-জনতার একটি গণমিছিল জিলা স্কুল হতে শাসনগাছা যাওয়ার পথে পুলিশ লাইন্সের ১ নম্বর গেট অতিক্রমকালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করেন। আসামিরা ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধরসহ গুলি ছুঁড়তে থাকলে বাদীর ছেলে আফছার আবদুল হানিমের ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ইভা, ছাত্র সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা জখম হন। আহতরা স্থানীয় পথচারীদের সহায়তায় কুমিল্লা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ মামলায় সাবেক এমপি বাহারকে হুকুমের আসামি ও মেয়র তাহসিন বাহার সূচনা এবং তার অনুসারী আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ বেশ কয়েকজন সিটি কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও দলের মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী সমর্থককে আসামি করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।