ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে চুক্তির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশকে পানির হিস্যা দিতে হবে। জনগণ যদি বিএনপির পক্ষে রায় দেয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করব।
আজ শনিবার লক্ষ্মীপুর জেলা শহরের পৌর আইডিয়াল কলেজে বন্যায় আশ্রিতদের দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি বন্যাকবলিতদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় বিএনপির উদ্যোগে বন্যাকবলিত নারীদের শাড়ি ও পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাবেক এই মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যাকবলিত এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছে। বন্যার্তদের খাওয়া-দাওয়া ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপির এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময়বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।