দোহারে সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা

ঢাকার দোহার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে উল্লেখ করা হয়েছে। 

রবিবার (২৫ আগস্ট) সকালে দোহার থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদী হয়েছেন দোহারের রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি। এ মামলায় সালমান এফ রহমানকে প্রধান আসামী করা হয়েছে। 

এছাড়া মামলায় আসামী হয়েছেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দোহার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মী। আছেন বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানও। 

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গেলে বাদী ও তার স্বজন সোনিয়া আক্তার দোহার করম আলীর মোড়ে যায়। এ সময় সালমান এফ রহমানের পরোক্ষ মদদে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র হাতে তাদের ওপর হামলা করে। এতে শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। মামলায় হামলা জখম ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। 
 
এ বিষয়ে শাজাহান মাঝি বলেন, ঘটনার দিন দুপুর সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। এ সময় আরও অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ১৭৪ জনকে এজাহার নামীয় ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।