মার্কিন বিধিনিষেধে অসন্তুষ্ট বেইজিং

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় নতুন করে চীনের বেশ কটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগে চরম অসন্তোষ ও নিন্দা জানিয়েছে বেইজিং। গতকাল রবিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রকে এই অন্যায্য কার্যক্রম শিগগিরই বন্ধের অনুরোধ জানাচ্ছে চীন। নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বেইজিং।’

গত শুক্রবার ৪০০ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইউক্রেনের বিরুদ্ধে হামলায় মস্কোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে। এই তালিকায় বেশ কটি চীনা প্রতিষ্ঠানও আছে।

চীন থেকে রাশিয়ায় মাইক্রো ইলেকট্রনিকস ও মেশিনটুল রপ্তানি করে এমন প্রতিষ্ঠান রয়েছে তালিকায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত স্যাংশন ফ্যাক্টশিটে এই তথ্য উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানানো হয়েছে, বিধিনিষেধের লক্ষ্যবস্তু এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা রাশিয়ার ভেতর  ও বাইরে থেকে দেশটিকে পণ্য এবং সেবা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে এবং পশ্চিমের বিধিনিষেধ এড়াতে সহায়তা করেছে।